মালদা, ২৩ ফেব্রুয়ারিঃ মালদা জেলায় বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ কালিকাপুর এলাকায় হানা দিয়ে ৪৫৩ গ্রাম বিদেশি ব্রাউন সুগার উদ্ধার করেছে। এই ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মোহাম্মদ সামাউল হক ও মোবারক হোসেন। সামাউল হকের বাড়ি কালিয়াচক থানার শাহবাজপুর বামুন গ্রামে এবং মোবারক হোসেন রাজনগর মডেল এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাঁচি থেকে এই বিপুল পরিমাণ মাদক মালদায় আনা হয়েছিল বিহারে পাচারের উদ্দেশ্যে। তবে তার আগেই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের পাকড়াও করা হয়। ধৃতদের হেফাজত থেকেই উদ্ধার হয় উন্নত মানের বিদেশি ব্রাউন সুগার, যা সাধারণ ব্রাউন সুগারের তুলনায় প্রায় ছয় গুণ বেশি দামী বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, মেক্সিকো ও কলম্বিয়ার মতো দেশে এই ধরনের মাদক উৎপাদিত হয় এবং তা উচ্চবিত্ত মহলের বড় পার্টিতে ব্যবহৃত হয়। ‘লাভ ড্রাগস’ বা ‘মলিন’ নামেও পরিচিত এই বিশেষ মানের ব্রাউন সুগার এই প্রথম মালদা জেলায় উদ্ধার হল বলে দাবি জেলা পুলিশের। ফলে মাদক পাচার চক্রের একটি বড়সড় নেটওয়ার্ক সক্রিয় রয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা।
মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানিয়েছেন, ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। পুরো ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে বলেও অনুমান পুলিশের। ঘটনাকে ঘিরে জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।





