নয়াদিল্লি, ৫ আগস্টঃ আসন পুনর্বিন্যাস বিলকে আইনের রূপ দিতে এবার বিশেষ অধিবেশনের পথে কেন্দ্র। সূত্রের খবর, আগামী ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত লোকসভার তিন দিনের বিশেষ অধিবেশন ডাকার প্রস্তুতি নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এই অধিবেশনেই বহুল আলোচিত ডিলিমিটেশন বিল, ২০২৬ পাশ করানোর চেষ্টা করবে কেন্দ্র। পাশাপাশি, দীর্ঘদিনের অপেক্ষায় থাকা মহিলা সংরক্ষণ বিলও সংসদে পেশ করার পরিকল্পনা রয়েছে বলে সরকারি সূত্রে খবর।
কেন্দ্রীয় সরকারের অন্দরের খবর, বাদল অধিবেশনের পরপরই এই বিশেষ অধিবেশন ডাকার মূল উদ্দেশ্য গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও নীতিগত বিলগুলির দ্রুত নিষ্পত্তি। বিশেষ করে আসন পুনর্বিন্যাস বিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন রাজ্যের জনসংখ্যার নিরিখে লোকসভা কেন্দ্রের সীমানা ও আসন সংখ্যা পুনর্নির্ধারণের প্রশ্নে বিরোধী দলগুলির একাংশ উদ্বেগ প্রকাশ করেছে। সেই আবহেই সংসদে বিলটি পাশ করাতে তৎপর কেন্দ্র।
সরকারি সূত্রের দাবি, এই অধিবেশনে মহিলা সংরক্ষণ বিলও গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে থাকবে। দীর্ঘদিন ধরে সংসদ ও বিধানসভায় মহিলাদের জন্য সংরক্ষণের দাবি উঠলেও, বিলটির পূর্ণ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। বিশেষ অধিবেশনে তা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজনৈতিক মহলের মতে, একের পর এক গুরুত্বপূর্ণ বিল নিয়ে বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক অগ্রাধিকারেরই ইঙ্গিত দিচ্ছে। তবে আসন পুনর্বিন্যাসের মতো স্পর্শকাতর ইস্যুতে বিরোধীদের অবস্থান কী হবে এবং সংসদে বিলটি কতটা মসৃণভাবে এগোতে পারে, সেদিকেই নজর থাকবে।
এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে বিশেষ অধিবেশন সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি না হলেও, সরকারি সূত্রের ইঙ্গিত অনুযায়ী ১৬ আগস্ট থেকেই শুরু হতে পারে তিন দিনের এই গুরুত্বপূর্ণ সংসদ অধিবেশন। রাজনৈতিক মহলের নজর এখন সেই দিকেই।





