মালদা, ৪ মার্চঃ রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদহ জেলায় ফের আগ্নেয়াস্ত্র ও জালনোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ জালনোট ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সাফল্য পেয়েছে মালদহ জেলা পুলিশ। ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে চাঁচোল থানা-র পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। প্রথম অভিযানে খানপাড়া এলাকা থেকে আব্দুল বারেক নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় ৫ লক্ষ টাকার জালনোট। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শিলিগুড়ি থেকে এই জালনোটগুলি মালদায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। গোটা চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে, দ্বিতীয় অভিযানে গোলাম রাব্বানী ও মিজানুর রহমান নামে দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড কার্তুজ। পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্রগুলি বিহার থেকে নিয়ে আসা হয়েছিল এবং সেগুলি জেলার বিভিন্ন জায়গায় সরবরাহের পরিকল্পনা ছিল।
আজ সকালে সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার বিস্তারিত তুলে ধরেন মালদহ জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। তিনি জানান, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে এবং বেআইনি অস্ত্র ও জালনোট চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এবং তাদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





