খবরিয়া ২৪ ডেস্ক, ১৫ ফেব্রুয়ারিঃ রবিবার সকালে কলকাতা-র টালিগঞ্জ এলাকায় একটি বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। টালিগঞ্জের অভিজাত আবাসন ডায়মন্ড সিটি-র টাওয়ার-২-এর চারতলায় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন এবং পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা।
এই আবাসনেই থাকেন টলিউডের একাধিক পরিচিত মুখ। আগুন লাগার খবর পেয়ে আতঙ্কে পরিবার-পরিজনকে নিয়ে দ্রুত নিচে নেমে আসেন অভিনেতা যশ দাশগুপ্ত ও সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। একই আবাসনে অভিনেত্রী-বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ আরও কয়েকজন তারকার ফ্ল্যাট রয়েছে বলেও জানা গেছে।
দমকল সূত্রে খবর, যে ফ্ল্যাটে আগুন লাগে সেখানে সেই সময় কেউ উপস্থিত ছিলেন না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। দ্রুত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের জেরে উল্লেখযোগ্য আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, মাত্র দু’দিন আগেই সল্টলেক সেক্টর ফাইভের একটি বহুতল অফিস ভবন গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিং-এ আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন এক বহুজাতিক সংস্থার মহিলা কর্মী, তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেই ঘটনায় দমকলের তিনটি ইঞ্জিন দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর কাজ করে।
পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় শহরের বহুতলগুলিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। তবে দ্রুত পদক্ষেপের ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।





