খবরিয়া ২৪ ডেস্ক, ২৯ জানুয়ারিঃ কলকাতার আনন্দপুরে অবস্থিত WOW মোমো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এখনও বেশ কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যজুড়ে শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। শ্রমিক নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে শিল্পক্ষেত্রে অগ্নিনিরাপত্তা ও প্রশাসনিক নজরদারি নিয়ে।
এই ঘটনার তীব্র প্রতিবাদে শুক্রবার সিলিগুড়িতে বিক্ষোভ কর্মসূচি পালন করল সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (CITU)। সিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে অবস্থিত WOW মোমোর একটি আউটলেটের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে এবং স্লোগান তুলে ঘটনার দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
CITU নেতৃত্বের অভিযোগ, লাভের জন্য শ্রমিকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে। কারখানায় পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না, জরুরি নির্গমন পথ ও সুরক্ষা সরঞ্জামের ঘাটতির কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।
বিক্ষোভকারীরা আরও দাবি করেন, মৃত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং আহত ও নিখোঁজ শ্রমিকদের চিকিৎসা ও পুনর্বাসনের সম্পূর্ণ দায় সরকার ও সংশ্লিষ্ট সংস্থাকে নিতে হবে। পাশাপাশি রাজ্যের সমস্ত কারখানা ও শিল্প প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা ও শ্রমিক সুরক্ষা ব্যবস্থা কঠোরভাবে পরীক্ষা করার দাবি তোলা হয়।
CITU নেতারা স্পষ্ট জানান, এই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন তাঁরা।





