শীতলকুচি, ১৯ ফেব্রুয়ারিঃ বিয়ের মাত্র আট মাসের মধ্যেই জেলবন্দী হতে হয়েছিল নববধূ জবা রানী সরকারকে। দীর্ঘ ছয় মাস পর অবশেষে মুক্তি পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।জানা যায়, বাংলাদেশের লালমনিরহাট জেলার বাসিন্দা জবা রানীর বিয়ে হয় শীতলকুচির নগর লালবাজার এলাকার দেবাশীষ সরকারের সঙ্গে।
পরে পুলিশ তাঁকে বাংলাদেশি নাগরিক হিসেবে আটক করে এবং আশ্রয় দেওয়ার অভিযোগে স্বামীকেও গ্রেপ্তার করে। প্রায় এক মাস পর স্বামী মুক্তি পেলেও জেলে থাকেন জবা রানী।পরে নাগরিকত্ব সংশোধনী আইনে আবেদন করার প্রায় ছয় মাস পর মুক্তি পান তিনি। মুক্তির পর তাঁর সঙ্গে দেখা করেন স্থানীয় বিধায়ক বরেনচন্দ্র বর্মন এবং পাশে থাকার আশ্বাস দেন।
স্বামী দেবাশীষ সরকার জানান, গত ছয় মাস তাঁদের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। বর্তমানে স্ত্রীর মুক্তিতে স্বস্তি ফিরেছে পরিবারে। ঘটনাকে ঘিরে এলাকায় আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে।





