খবরিয়া ২৪ ডেস্ক, ৫ ফেব্রুয়ারিঃ হোয়াটসঅ্যাপে ভুয়ো এআরটিও চালানের লিংকে ক্লিক করতেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ৪৩ হাজার টাকা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকায়। প্রতারণার শিকার গৌতম ঘোষ নামে এক চা ব্যবসায়ী ইতিমধ্যেই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, গৌতম ঘোষ কাজের সূত্রে প্রায়ই শিলিগুড়িতে যাতায়াত করেন। চলতি মাসের ৩ তারিখ তিনি শিলিগুড়িতে গিয়েছিলেন এবং সন্ধ্যায় বাড়ি ফেরেন। বাড়ি ফেরার কিছুক্ষণ পর তার মোবাইলে হোয়াটসঅ্যাপে একটি এপিকে(APK) ফাইল আসে, যেখানে এআরটিও চালান সংক্রান্ত বার্তা ছিল। জরিমানার নোটিস মনে করে তিনি ফাইলটি খুলে দেখেন।
ফাইলটি খোলার পরপরই তার মোবাইলে একাধিক ওটিপি (OTP) আসতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ৪৩ হাজার টাকা কেটে নেওয়া হয়। তখনই তিনি বুঝতে পারেন যে তিনি সাইবার প্রতারণার শিকার হয়েছেন।
এরপর তিনি দ্রুত শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান এবং নিজের ব্যাংকের ম্যানেজারের সঙ্গেও যোগাযোগ করেন। প্রাথমিকভাবে জানা গেছে, তার অ্যাকাউন্ট থেকে কাটা টাকা মুম্বইয়ের ঘাটকোপার এলাকার রাহুল নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে।
প্রতারিত গৌতম ঘোষ সকলকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, অচেনা লিংক বা ফাইল কখনও না খুলতে এবং যেকোনো সন্দেহজনক বার্তা এলে আগে যাচাই করে নেওয়া উচিত। পাশাপাশি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে টাকা ফেরানোর ব্যবস্থার দাবিও জানিয়েছেন তিনি। ওই ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম পুলিশ।





