উত্তর ২৪ পরগনা ,২৫ এপ্রিলঃ দ্বিতীয় দফার ভোটের আগে হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল নোয়াপাড়া এলাকা। শনিবার দুপুরে থানা চত্বর থেকেই বিকট শব্দ শোনার অভিযোগ উঠেছে, যার জেরে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, থানার পিছন দিক থেকেই বিস্ফোরণের শব্দ আসে এবং তার পরপরই চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়।
ঘটনার আকস্মিকতায় ভয়ে সিঁটিয়ে পড়েন এলাকার মানুষ। অনেকেই বাড়ি থেকে বেরিয়ে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বাড়ির বাসিন্দারা চরম আতঙ্কে পড়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। পাশাপাশি ডাকা হয় বম্ব স্কোয়াডকেও।
প্রাথমিকভাবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাস্থল ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে পুলিশ। সন্দেহজনক কোনও বস্তু বা বিস্ফোরক মজুত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে এবং সাধারণ মানুষের যাতায়াত সীমিত করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল রাজ্যের দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই পর্যায়ে ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। তার আগে এই বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে পুলিশ সূত্রে আশ্বাস দেওয়া হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কের কোনও কারণ নেই। ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে।





