শীতলকুচি, ২০ এপ্রিলঃ শীতলকুচি বিধানসভা কেন্দ্রে ভোটের আর মাত্র তিন দিন বাকি, তার আগেই রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। এই আবহেই গোসাইরহাট অঞ্চলের খেঞ্চি কাচারি ঘাট এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত খুলি বৈঠক ঘিরে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ও উৎসাহ এই বৈঠককে কার্যত জনসভায় পরিণত করে।
তৃণমূল কংগ্রেস প্রার্থী হরিহর দাসের সমর্থনে অনুষ্ঠিত এই বৈঠক থেকেই বড়সড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। মঞ্চ থেকেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন একাধিক পরিবার। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দলের নেতৃত্ব। এই যোগদানকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বুথ সভাপতি শ্যামল বর্মন, অঞ্চল সাধারণ সম্পাদক বিষ্ণু বর্মন, যুব নেতা ইন্দ্রজিৎ বর্মন এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মদন বর্মনসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাদের বক্তব্যে উঠে আসে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং এলাকার ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা।
স্থানীয় নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের আস্থা ক্রমশ তৃণমূল কংগ্রেসের দিকে বাড়ছে। বিরোধী শিবিরে ভাঙনের কারণ হিসেবেও তারা এই জনসমর্থনকেই তুলে ধরেন। তাদের মতে, আগামী দিনেও এই ধরনের যোগদান অব্যাহত থাকবে এবং ভোটে জয়ের পথ আরও মসৃণ হবে।
নির্বাচনের ঠিক আগে এই ঘটনায় শীতলকুচির রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, এই ভাঙন ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে।





