শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাগরিক পরিষেবা নিয়ে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। সাধারণ মানুষ ন্যূনতম পরিষেবা পাচ্ছেন না এই অভিযোগ তুলে বুধবার সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা অমিত জৈন।
তিনি অভিযোগ করেন, জন্ম–মৃত্যু শংসাপত্রসহ একাধিক গুরুত্বপূর্ণ নথি পেতে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা এমনকি মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। অমিত জৈনের দাবি, পুরনিগমের প্রশাসনিক কাজকর্মে গাফিলতির কারণে সাধারণ নাগরিক চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তার কথায়, মেয়র রাস্তা ও পাড়ার উন্নয়নমূলক কাজে ব্যস্ত থাকলেও মূল নাগরিক পরিষেবার দিকে যথেষ্ট নজর দেওয়া হচ্ছে না।
অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি বলেন, কর্পোরেশনের সমস্ত পরিষেবা স্বাভাবিকভাবেই চলছে এবং বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন। পাশাপাশি বিরোধী দলনেতাকে কটাক্ষ করে তিনি বলেন, বিষয়টি সঠিকভাবে বোঝার জন্য আগে বাংলাটা ভালো করে শেখা দরকার।
এদিকে পুরনিগমে জন্ম–মৃত্যু শংসাপত্র ডিজিটাল করার জন্য আসা এক সাধারণ নাগরিক স্বপ্ন ডোম জানান, টানা তিন দিন লাইনে দাঁড়িয়েও তিনি কাজ করাতে পারেননি। এতে সাধারণ মানুষের সমস্যার বিষয়টি আরও সামনে এসেছে।
শাসক ও বিরোধীর এই রাজনৈতিক চাপানউতোরের মাঝেই নাগরিক পরিষেবা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পুরনিগমের পরিষেবা কবে সম্পূর্ণ স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কবে কমবে সেই প্রশ্নই এখন শহরবাসীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।





