দক্ষিণ ২৪ পরগনা, ২১ ফেব্রুয়ারিঃ দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সিপিএমের একসময়ের ছাত্রনেতা প্রতিকুর রহমান। শনিবার বিকেলে আমতলার রাস্তায় প্রকাশ্য মঞ্চেই তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সাধারণত দলীয় কার্যালয়ে বড় মাপের যোগদান অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু এদিন ব্যতিক্রমীভাবে রাস্তায় দাঁড়িয়ে এই যোগদান ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই অভিষেকের সাফ জবাব, “সিপিএমকে এবার রাস্তায় নামাতে হবে। আর সেই পথ দেখাবে প্রতিকুর।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বার্তার মাধ্যমে বামেদের সংগঠনিক জমিতে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিল শাসক শিবির।
তৃণমূলে যোগ দিয়েই আত্মবিশ্বাসী সুরে শোনা গেল প্রতিকুর রহমানকে। তাঁর মন্তব্য, “এটা তো কেবল ট্রেলার ছিল, আসল ছবি এখনও বাকি আছে।” এই বক্তব্য ঘিরে বাম শিবিরে নতুন করে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।
উল্লেখ্য, ছাত্র রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন প্রতিকুর। তাঁর দলত্যাগ ঠেকাতে বাম নেতৃত্বের তরফে একাধিকবার যোগাযোগের চেষ্টা হয়েছিল বলে সূত্রের খবর। এমনকি প্রবীণ নেতা বিমান বসুও উদ্যোগী হয়েছিলেন বলে রাজনৈতিক মহলে আলোচনা ছিল। তবে শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি।
এদিকে, আমতলায় যখন প্রতিকুরের হাতে পতাকা তুলে দেওয়া হচ্ছে, তখন কলকাতায় এসএফআই দফতরে তাঁর নাম সরানোর প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘদিনের সংগঠককে হারানো বামেদের কাছে যে বড় ধাক্কা, তা মানছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই দলবদল দক্ষিণ ২৪ পরগনা সহ গোটা রাজ্যের রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর। আমতলার এই ‘রাস্তা-রাজনীতি’ যে ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক বার্তার ইঙ্গিত বহন করছে, তা নিয়ে সন্দেহ নেই।





