মালদা, ২৭ ডিসেম্বরঃ মালদা জেলায় জালনোটের অবৈধ কারবার রুখতে সক্রিয় ভূমিকা নিয়েছে জেলা পুলিশ। ধারাবাহিক অভিযানের অঙ্গ হিসেবে ফের বিপুল পরিমাণ জালনোট উদ্ধার করল মালদা জেলা পুলিশ। আট লক্ষ টাকার জালনোট-সহ এক জালনোট পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে বৈষ্ণবনগর থানার পুলিশের অভিযানে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম আনারুল সেখ। তার বাড়ি বৈষ্ণবনগর থানার অন্তর্গত বাখরাবাদ এলাকায়। অভিযোগ, সে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে জালনোট সংগ্রহ করে মোটরবাইকে করে অন্যত্র পাচার করতে যাচ্ছিল। এই বিষয়ে মালদা জেলা পুলিশের স্পেশাল টিম বিশেষ সূত্রে খবর পায়। সেই খবরের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় বৈষ্ণবনগর থানার পুলিশ।
শনিবার ভোরবেলা বৈষ্ণবনগরের জীবন মোড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আনারুল সেখকে পাকড়াও করে। তল্লাশি চালিয়ে তার হেপাজত থেকে উদ্ধার হয় মোট আট লক্ষ টাকার জালনোট। উদ্ধার হওয়া সমস্ত নোটই পাঁচশো টাকার বলে পুলিশ জানিয়েছে। জালনোটগুলি অত্যন্ত নিখুঁতভাবে তৈরি, যা প্রথম নজরে আসল নোট বলে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলে তদন্তকারীদের ধারণা।
ঘটনা প্রসঙ্গে মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, ধৃত পাচারকারী কোথা থেকে এত বিপুল পরিমাণ জালনোট সংগ্রহ করেছিল এবং সেগুলি কোথায় পাচার করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে দিকটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সুপার আরও জানান, জালনোট কারবারের পিছনে সীমান্তবর্তী বড়সড় কোনো চক্র কাজ করছে কি না, তা জানার চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হবে।





