দিনহাটা, ৪ জানুয়ারিঃ পুটিমারী দুই গ্রাম পঞ্চায়েতের ৬/১৭২ নম্বর বুথ এলাকায় একটি পাকা রাস্তা নির্মাণের কাজ স্থানীয় বাসিন্দাদের তীব্র অসন্তোষ ও প্রতিবাদের মুখে বন্ধ রয়েছে। স্থানীয়রা রবিবার থেকে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন। তাদের অভিযোগ, পুরো প্রকল্পটি বাস্তবায়িত না হওয়ায় আংশিক কাজ তারা মানতে নারাজ।
বাসিন্দাদের জানান পুটিমারী মেইন রোড থেকে স্টেডিয়াম হয়ে ৬/১৭৩ নম্বর বুথ পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটি পাকা করার কথা থাকলেও, বর্তমানে মাত্র অর্ধেক অংশের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তাটির মারাত্মক খারাপ অবস্থার কারণে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বর্ষাকালে রাস্তায় প্রচুর কাদা জমে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমনকি কেউ গুরুতর অসুস্থ হলে অ্যাম্বুলেন্স বা যেকোনো গাড়ি নিয়ে ওই এলাকায় প্রবেশ করাও দুষ্কর হয়ে পড়ে।
এলাকাবাসী তাদের দাবিতে অনড়। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, অর্ধেক নয়, পুরো রাস্তাটির পাকা কাজই সম্পন্ন করতে হবে। কর্তৃপক্ষের কাছ থেকে সম্পূর্ণ রাস্তার কাজের নিশ্চয়তা না মিললে, তারা আর এই আংশিক কাজ চলতে দেবেন না।





