মালদা, ২৩ এপ্রিলঃ ভোটগ্রহণ চলাকালীন বুথের জানালা খোলা থাকায় বিতর্ক তৈরি হল মালদার মালতিপুর বিধানসভা কেন্দ্রে। ২২১ নম্বর বুথে রাস্তা থেকেই ভোটকেন্দ্রের ভিতরের দৃশ্য দেখা যাচ্ছিল বলে অভিযোগ ওঠে।
এই ঘটনায় আপত্তি জানিয়ে সেক্টর অফিসারের কাছে অভিযোগ করেন কংগ্রেস প্রার্থী মৌসম নূর। তাঁর দাবি, এতে ভোটের গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।
যদিও ভোটকর্মীদের তরফে জানানো হয়েছে, বুথের ভিতরে আলোর সমস্যা থাকায় বাধ্য হয়েই জানালা খোলা রাখা হয়েছিল। তাঁদের দাবি, পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।





