কোচবিহার, ১ মে: পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কোচবিহারে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা। অল ইন্ডিয়া মহাযান বৌদ্ধ মহাসম্ভা অ্যাসোসিয়েশন -এর উদ্যোগে প্রতিবছরের মতো এবারও এই শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি কোচবিহারের কুলি নম্বর ওয়ার্ড সংলগ্ন খালাসি পট্টি এলাকা থেকে শুরু হয়। ধর্মীয় আবহে সজ্জিত এই মিছিলে অংশ নেন বহু ভক্ত ও সাধারণ মানুষ। শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল অংশগ্রহণকারীদের মাথায় বহন করা বৌদ্ধ ধর্মগ্রন্থ ‘ত্রিপিটক’। পাশাপাশি অনেককে মাথায় বুদ্ধদেবের মূর্তি নিয়েও অংশ নিতে দেখা যায়, যা ভক্তি ও শ্রদ্ধার এক অনন্য চিত্র তুলে ধরে।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ স্মরণ করা হয়। সেই উপলক্ষেই এই শোভাযাত্রার মাধ্যমে শান্তি, সহমর্মিতা ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে সম্পন্ন হয় এই ধর্মীয় কর্মসূচি। প্রতি বছরের মতো এবছরও এই আয়োজন ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয় এবং স্থানীয় মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।





