আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শূন্যের হ্যাটট্রিক অভিষেকের,তবু উদ্বিগ্ন নন অধিনায়ক সূর্যকুমার

Published on: February 19, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি: টিম ইন্ডিয়ার বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা একেবারেই ফর্মে নেই। নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেও রানশূন্য ফিরলেন বাঁহাতি ব্যাটার। বিশ্বকাপে টানা তিন ম্যাচে শূন্য অর্থাৎ শূন্যের হ্যাটট্রিক। শেষ আটটি টি-টোয়েন্টি ইনিংসে পাঁচবার শূন্যে আউট হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাঁর ফর্ম নিয়ে। তবে এই পরিস্থিতিতেও উদ্বিগ্ন নন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

নেদারল্যান্ডসকে ১৭ রানে হারিয়ে অপরাজিত থেকে সুপার এইটে উঠেছে ভারত। যদিও ম্যাচের শুরুতে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দল। একসময় ১১০ রানে ৪ উইকেট পড়ে যায়। তখনই দায়িত্ব নেন শিবম দুবে এবং হার্দিক পাণ্ডিয়া। ৩১ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন দুবে, মারেন চারটি চার ও ছয়টি ছক্কা। হার্দিকের ২১ বলে ৩০ রানের ইনিংস দলকে শক্ত ভিত দেয়। তাদের জুটি ভারতের রান ১৯০-এ পৌঁছে দেয়।

ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, “এমন পরিস্থিতির সামনে পরের ম্যাচগুলোতেও পড়তে হতে পারে। ব্যাটারদের বুঝতে হবে কখন দায়িত্ব নিতে হয়। আমি আর তিলক পরিস্থিতি বুঝে খেলেছি, কারণ জানতাম পরে মেরে খেলার ব্যাটার আছে।” অভিষেকের নাম না নিলেও তাঁর দায়িত্বের কথাই যেন স্মরণ করিয়ে দিলেন অধিনায়ক।

দুবের প্রশংসায় সূর্য বলেন, “বিশাখাপত্তনমেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দারুণ খেলেছিল। আজও যেভাবে দলকে টেনে তুলল, তা অসাধারণ।” একই সঙ্গে নেদারল্যান্ডসের লড়াইয়েরও প্রশংসা করেন তিনি। সূর্যের কথায়, “ম্যাচ জিতলেও শেখার অনেক কিছু থাকে। এই ম্যাচ থেকেও আমরা শিক্ষা নিয়েছি।”

তবে একটি বিষয় নিয়ে ‘স্বাস্থ্যকর মাথাব্যথা’ রয়েছে অধিনায়কের দলে বোলিং বিকল্পের প্রাচুর্য। পিচ অনুযায়ী বোলার বেছে নেওয়ার সুযোগ থাকায় তিনি খুশি। সূর্য স্পষ্ট জানিয়েছেন, “দল এগোচ্ছে ঠিক পথে। দু-একজনের দিন ভালো যাচ্ছে, কিন্তু সবার কাছ থেকেই অবদান চাই।” সুপার এইটের আগে তাই ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস থাকলেও নজর থাকবে ওপেনার অভিষেকের ফর্মের উপরই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment