শীতলকুচি, ৩১ মার্চঃ উশু খেলায় রাজ্যে প্রথম হয়ে এলাকাকে গৌরবান্বিত করেছে সানি সুলতানা। আর সেই সাফল্যকে সম্মান জানাতে নিজেই তার বাড়িতে পৌঁছে গেলেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হরিহর দাস। এদিন সকালে সানির বাড়িতে গিয়ে তার ও তার পরিবারের সঙ্গে কথা বলেন হরিহর দাস। দিনমজুর বাবার সংসারে বেড়ে ওঠা এই মেয়ের লড়াই ও সাফল্যের গল্প শুনে তিনি আপ্লুত হন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন।উল্লেখ্য, ২১তম পশ্চিমবঙ্গ রাজ্য উশু চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অর্জন করেছে সানি।
কলকাতার সল্ট লেকের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কমপ্লেক্সে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের হারিয়ে সেরার সেরা হয়েছে সে।অভাবের সংসার, তবুও স্বপ্নে ভাটা পড়েনি—বাবার কঠোর পরিশ্রম, মায়ের ত্যাগ, কোচের দিক নির্দেশনা আর গ্রামের মানুষের সহযোগিতাতেই আজ এই সাফল্য।সানির এই কৃতিত্বকে স্বীকৃতি জানাতে পঞ্চায়েত সদস্য নুর জামাল মিঞা সহ এলাকার বিশিষ্টরা তাকে সংবর্ধনা ও মিষ্টিমুখ করান।
সকলের একটাই আশা—শীতলকুচির এই সোনার মেয়ে আরও বড় মঞ্চে পৌঁছে এলাকার নাম উজ্জ্বল করুক। আর তার পাশে থেকে সেই স্বপ্নপূরণের বার্তা দিলেন প্রার্থী হরিহর দাস। তিনি বলেন, সানি সুলতানার সাফল্য কামনা করি। শীতলকুচির কাছে এটা গর্বের দিন।





