কলকাতা, ২৯ এপ্রিলঃ দ্বিতীয় দফার ভোট চলাকালীন হাওড়ার উদয়নারায়ণপুরে কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। একইসঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ ভোটার ও মহিলাদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সাতগাছিয়ায় এক শিশুও আহত হয়েছে বলে দাবি উঠেছে।
এই ঘটনাগুলিকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে নিশানা করে অভিযোগ করেন, তাঁর অধীনস্থ কেন্দ্রীয় বাহিনী বিজেপির “ব্যক্তিগত সেনাবাহিনী”-তে পরিণত হয়েছে।
সামাজিক মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, বাংলার মানুষের উপর “লাইসেন্সপ্রাপ্ত গুন্ডাদের” লেলিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও সতর্ক করে বলেন, এই ধরনের বর্বরতার সঙ্গে যারা যুক্ত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে তিনি জানান, কোনওভাবেই এই ধরনের ঘটনার রেহাই মিলবে না এবং দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
তবে এই অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় বাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।





