খবরিয়া ২৪ ডেস্ক, ৭ মার্চঃ রাজ্য বিধানসভা নির্বাচনের আগে আবারও বিজেপিতে ভাঙনের ছবি সামনে এল। এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মালদহের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মতিউর রহমান। শনিবার কলকাতার তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং সাংসদ নাদিমুল হক-এর উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।
রাজনৈতিক মহলে মতিউর রহমানের গুরুত্ব কম নয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মালদহের হরিশ্চন্দ্রপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই কেন্দ্রে বিজেপিকে ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে পৌঁছে দিতে সক্ষম হন মতিউর। ফলে তাঁর দলবদলকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মতিউর রহমান। তাঁর অভিযোগ, বিজেপি বিভেদের রাজনীতি করছে এবং সেই কারণেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ভাবে মানুষের জন্য কাজ করছেন, সেই কাজের সঙ্গেই নিজেকে যুক্ত করতে চান। গরিব ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান।
উল্লেখ্য, রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তৃণমূলে যোগ দিয়েছেন। উত্তরবঙ্গ থেকে বিষ্ণু প্রসাদ শর্মা ইতিমধ্যেই তৃণমূলের পতাকা ধরেছেন। কার্শিয়ং কেন্দ্রের বিধায়ক বিষ্ণুপ্রসাদ ২০২১ সালে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়ে পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে কিছুদিন আগেই তিনি তৃণমূলে নাম লেখান।
এছাড়াও এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন-ও তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন সামাজিক প্রকল্পের বাস্তবায়ন তাঁকে অনুপ্রাণিত করেছে। মানুষের জন্য কাজ করার বৃহত্তর মঞ্চ হিসেবেই তৃণমূলকে বেছে নিয়েছেন তিনি। রাজ্য ভোটের আগে এই ধারাবাহিক দলবদল যে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করছে, তা বলাই বাহুল্য।





