উত্তর ২৪ পরগনা, ২২ এপ্রিলঃ হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায় ভোটের আগে টাকা বিলির অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল মঙ্গলবার রাতে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিজেপি নেতা তরুণ মণ্ডল এবং অসমের প্রাক্তন বিজেপি বিধায়ক কিশোর নাথ এলাকার বাসিন্দাদের মধ্যে নগদ অর্থ বিতরণ করছিলেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জের কনকনগর এলাকার একটি ক্লাবে গিয়ে ওই দুই নেতা টাকা বিলির চেষ্টা করেন। বিষয়টি নজরে আসতেই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁদের আটক করে রাখেন। পরে স্থানীয়রাই পুলিশকে খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই বিজেপি নেতাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের কাছ থেকে নগদ অর্থ উদ্ধার হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পাশাপাশি, তাঁদের ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই টাকা কোথা থেকে এল এবং কী উদ্দেশ্যে তা বিলি করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তাপ বেড়েছে। বিরোধী দলগুলির পক্ষ থেকে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা বলে অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
ভোটের আগে এই ধরনের অভিযোগ সামনে আসায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্বাচন কমিশনের নজরদারি কতটা কড়া, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।





