খবরিয়া ২৪ ডেস্ক, ১১ মার্চঃ বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস। বুধবার এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক দাবি করেন, বর্তমানে অপরাধীদের জন্য সবচেয়ে সুরক্ষিত জায়গা হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি। কয়লা মাফিয়াদের দলে জায়গা দেওয়া থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার একাধিক ইস্যুতে এদিন বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তাঁরা।
সাংবাদিক বৈঠকে একটি ছবি ও কিছু নথি দেখিয়ে শশী পাঁজা দাবি করেন, পরিচিত কয়লা মাফিয়া হিসেবে অভিযুক্ত জয়দেব খান-কে সম্প্রতি আসানসোল সাংগঠনিক জেলায় বিজেপির স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হয়েছে। এই প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রাক্তন কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশী-র সঙ্গে ওই ব্যক্তির ঘনিষ্ঠতা রয়েছে। তাঁর কথায়, “একদিকে দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা বলা হচ্ছে, অন্যদিকে অভিযুক্ত ব্যক্তিদেরই দলে পদ দেওয়া হচ্ছে।”
এই প্রসঙ্গ টেনেই পার্থ ভৌমিক বলেন, বিজেপি বিরোধীদের ভয় দেখাতে সিবিআই এবং ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে। তাঁর দাবি, বিরোধী শিবিরের অনেক নেতাকে তদন্তের নামে চাপ দেওয়া হচ্ছে এবং পরে তারা বিজেপিতে যোগ দিলে আর কোনও তদন্ত এগোয় না। তিনি কটাক্ষ করে বলেন, “বিজেপির ‘ওয়াশিং মেশিনে’ ঢুকলেই সব অভিযোগ ধুয়ে-মুছে যায়।”
এদিন সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার প্রসঙ্গও তোলেন তৃণমূল নেতারা। আন্তর্জাতিক পরিস্থিতির অস্থিরতার দোহাই দিয়ে দেশে গ্যাস সিলিন্ডারের সরবরাহে ঘাটতি ও মূল্যবৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। শশী পাঁজা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক পরিস্থিতির কথা বললেও বাস্তবে সাধারণ মানুষের ওপরই তার প্রভাব পড়ছে।
এছাড়া কেন্দ্রের বিরুদ্ধে বাংলার প্রতি আর্থিক বঞ্চনার অভিযোগও তোলেন তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, ১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকা আটকে রেখে কেন্দ্র রাজ্যের মানুষকে বঞ্চিত করছে।





