শীতলকুচি, ৫ ফেব্রুয়ারিঃ শীতলকুচির ডাকঘরা বাজার সংলগ্ন এলাকায় ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা।নিত্যযাত্রী বোঝাই একটি অটো হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আচমকা এই দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীরা প্রতিদিনের মতো অটোতে চেপে নিজেদের গন্তব্যে যাচ্ছিলেন।কিন্তু ডাকঘরা বাজার সংলগ্ন এলাকায় পৌঁছাতেই মুহূর্তের মধ্যে ঘটে যায় বিপত্তি।অটো উল্টে পড়তেই যাত্রীদের আর্তচিৎকারে কেঁপে ওঠে গোটা এলাকা।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং দ্রুত মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।এই দুর্ঘটনায় অটোটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।বারবার একই ধরনের দুর্ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে এলাকার রাস্তা ও যান চলাচলের নিরাপত্তা নিয়ে। নিত্যযাত্রীদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।





