মালদা, ২৪ ডিসেম্বরঃ মালদা জেলার হবিবপুর ব্লকের ভারত–বাংলাদেশ সীমান্তে ফের এক বাংলাদেশি নাগরিক গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল সীমান্ত এলাকায়। বাংলাদেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতির মধ্যেই আজ ভোরে হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের মালুমভিটা সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এক বাংলাদেশি তরুণকে। ধৃতের নাম মোহাম্মদ সুমন (২৭)। তিনি বাংলাদেশের নওগাঁ জেলার নিতপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র অনুযায়ী, আজ ভোররাতে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর হবিবপুর থানার পুলিশ অভিযান চালিয়ে মালুমভিটা এলাকা থেকে সুমনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন বলে স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে মালদা জেলা আদালতে তোলা হবে।
উল্লেখযোগ্যভাবে, এর ঠিক একদিন আগেই রবিবার গভীর রাতে হবিবপুর ব্লকের সীমান্ত গ্রাম দাল্লা এলাকা থেকে আরও এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল পুলিশ। মাত্র একদিনের ব্যবধানে দুই বাংলাদেশি নাগরিক গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ বাড়ছে সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দাদের মধ্যে।
সীমান্ত এলাকার মানুষজনের অভিযোগ, কাঁটাতারের বেড়া ও নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে বারবার অনুপ্রবেশ ঘটছে, তা নিয়ে তারা আতঙ্কিত। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে নজরদারি আরও কড়া করা হচ্ছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।





