শীতলকুচি, ২ এপ্রিলঃ ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে শীতলকুচি বাজার চৌপতি এলাকা। “ভোটাধিকার রক্ষা কমিটি”-র ডাকে বহু সাধারণ মানুষ রাস্তায় নেমে পথ অবরোধে সামিল হন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
এদিন শীতলকুচি সুপার মার্কেট কমপ্লেক্স থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজার চৌপতিতে এসে অবরোধে বসে পড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, ফলে আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা অবরোধে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষের ভোগান্তিও বাড়ে। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় টহল বাড়ায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে ঘটনাস্থলে পৌঁছন শীতলকুচির বিডিও অনিন্দিতা সিনহা ব্রহ্মা। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।
প্রশাসনের আশ্বাসে আপাতত অবরোধ তুলে নেওয়া হলেও, আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন দ্রুত নাম পুনরায় তালিকাভুক্ত না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।





