মালদা, ১ মে: রাজ্যে ভোট পরবর্তী রাজনৈতিক উত্তাপের মাঝেই মালদায় বিজেপির এক মণ্ডল সভাপতির উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে রতুয়া থানার মহানন্দাটোলার উত্তর বালুপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক শিবিরের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে।
অভিযোগ অনুযায়ী, বিজেপির মণ্ডল সভাপতি মহানন্দ মণ্ডল বিকেলের দিকে এলাকায় যাওয়ার সময় তাঁর পথ আটকে দেয় একদল দুষ্কৃতী। অভিযোগ, তারা তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক। এরপর মহানন্দ মণ্ডলের উপর ইট দিয়ে আঘাত করা হয় এবং তাঁকে মারধর করা হয় বলে দাবি বিজেপির। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বিজেপির উত্তর মালদহ সাংগঠনিক জেলার সভাপতি খগেন মুর্মু। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন। তাঁর দাবি, “ভোটের আগে থেকেই মহানন্দ মণ্ডলকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে ভোটের সময় তৃণমূল সন্ত্রাস চালাতে পারেনি। এখন ভোট মিটতেই আমাদের নেতাদের উপর হামলা চালানো হচ্ছে।”
বিজেপির পক্ষ থেকে এই ঘটনার লিখিত অভিযোগ পুলিশে দায়ের করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে তারা। অন্যদিকে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিজেপি রাজনৈতিকভাবে ফায়দা তুলতেই এই ধরনের মিথ্যা অভিযোগ করছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও দোষীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভোট পরবর্তী সময়ে এই ধরনের ঘটনা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।





