উত্তর ২৪ পরগনা, ২৯ এপ্রিলঃ দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের দিনে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় এক ভোটারকে লুঙ্গি পরে ভোট দিতে যাওয়ায় বাধা দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে গোবরডাঙার কুচুলিয়া এলাকার ১৮৯ নম্বর বুথে।
অভিযোগ, আব্দুল রউফ মণ্ডল নামে এক ব্যক্তি লুঙ্গি পরে ভোট দিতে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁর পোশাক নিয়ে আপত্তি তোলেন এবং বুথে ঢুকতে বাধা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে বচসা শুরু হয়। আব্দুলের দাবি, তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়।
যদিও কেন্দ্রীয় বাহিনীর তরফে পাল্টা দাবি করা হয়েছে, আব্দুলই প্রথমে জওয়ানদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ধাক্কাধাক্কি করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় প্রশাসন ও নির্বাচনকর্মীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে আব্দুল রউফ মণ্ডল বাড়ি ফিরে নাতির প্যান্ট পরে আবার বুথে এসে ভোট দেন। তিনি জানান, “আগে প্যান্ট পরতাম, তাই নাতির প্যান্ট পরে ভোট দিতে এলাম।”
এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, শুধু আব্দুল নন, আরও কয়েকজন ভোটারকে একই কারণে প্রথমে ভোট দিতে দেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা আবুল হাসেম মণ্ডল বলেন, “আমাদের এলাকায় বহু মানুষ লুঙ্গি পরেন। এতে কোনও ধর্মীয় বা সামাজিক ভেদাভেদ নেই। বৃদ্ধ মানুষদের এভাবে বাধা দেওয়া ঠিক নয়।”
ঘটনাকে ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বারাসতের এসডিও ভুবনপ্রাণিতা পাপ্পুলা জানিয়েছেন, পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
সবমিলিয়ে, ভোটের দিন এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন প্রক্রিয়ায় আচরণবিধি ও মানবিকতার প্রশ্ন আবারও সামনে উঠে এসেছে।





