খবরিয়া ২৪ ডেস্ক, ১ মার্চঃ ইরান-ইজরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে। একাধিক হামলার পর নিরাপত্তার কারণে দুবাই ও আবু ধাবি-সহ বিভিন্ন বিমানবন্দরে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ফলে হাজার হাজার যাত্রী আটকে পড়েছেন, তাঁদের মধ্যে শতাধিক ভারতীয়ও রয়েছেন।
দুবাইয়ে আটকে পড়েছেন বলিউড অভিনেত্রী সোনল চৌহান। শনিবার রাতে ইনস্টাগ্রামে তিনি জানান, সব বিমান বাতিল হওয়ায় দেশে ফেরার উপায় নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র কাছে নিরাপদে ফেরার আবেদনও জানান তিনি।
একইভাবে আবু ধাবি বিমানবন্দরে আটকে পড়েন জোড়া অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু। পরিষেবা বন্ধ থাকায় নির্ধারিত সফরসূচি ভেস্তে যায়। সূত্রের খবর, দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে আটকে রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং বাংলাদেশের নায়িকা নুসরত ফারিয়া-ও।
ইরানের সামরিক অভিযানের পর আবু ধাবি বিমানবন্দরে সতর্কতার অ্যালার্ম বাজতে শুরু করে। আতঙ্কে যাত্রীরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে দ্রুত ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে টার্মিনালের ভিতরেই থাকতে বলা হয়। কিছুক্ষণের মধ্যেই বিমান পরিষেবা সম্পূর্ণ বাতিল করা হয়।
প্রায় দু’ঘণ্টার অনিশ্চয়তার পর ঘোষণা করা হয়, কোনও বিমান উড়বে না। ফলে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার সঙ্গে সংযোগপথ ব্যাহত হয়। টার্মিনালে খাবারের দোকানে দীর্ঘ লাইন পড়ে যায়, শিশু-সহ পরিবারগুলি উদ্বেগে অপেক্ষা করতে থাকেন।
সংঘাতের আবহে মধ্যপ্রাচ্যে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে নয়াদিল্লি।





