কলকাতা, ২৪ মার্চঃ বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই ফের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে নির্বাচন কমিশন। বাংলা-সহ পাঁচ রাজ্যে ভোটের আবহে কমিশনের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে সাত বছরের পুরনো একটি চিঠি। ওই চিঠির শেষাংশে বিজেপির নির্বাচনী প্রতীক ‘পদ্ম’ চিহ্নের সিলমোহর থাকার অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।
শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাদের দাবি, এই চিঠি কমিশন ও বিজেপির সম্ভাব্য আঁতাতের ইঙ্গিত বহন করছে। তাঁদের মতে, একটি সাংবিধানিক সংস্থার নথিতে কোনও রাজনৈতিক দলের প্রতীক থাকা অত্যন্ত উদ্বেগজনক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।
এই ইস্যুতে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন। তাঁর বক্তব্য, “এটা শুধু একটি প্রশাসনিক ত্রুটি নয়, বরং কর্তব্য ও গণতন্ত্রের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।”
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বারবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং এই ঘটনা সেই সন্দেহকে আরও জোরদার করছে। তাঁর দাবি, ভোটের আগে এই ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশকে প্রভাবিত করতে পারে।
যদিও বিরোধী শিবিরের তরফে এই অভিযোগ খারিজ করা হয়েছে। বিজেপি নেতাদের বক্তব্য, পুরনো চিঠিকে সামনে এনে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে তৃণমূল। তাঁদের মতে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ ভিত্তিহীন।
এদিকে, গোটা ঘটনায় এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে এই বিতর্ক ভোটের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।





