শিলিগুড়ি, ২৫ মার্চঃ উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম- ফুলবাড়ি এলাকার জাবরাভিটা হাই স্কুল ময়দান থেকে জোরালো রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী। বুধবার ময়নাগুড়ি-র সভার পর দ্বিতীয় জনসভা থেকে তিনি একযোগে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেন।
সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে একাধিক আধিকারিককে সরিয়ে বিজেপি-ঘনিষ্ঠ অফিসারদের বসানো হচ্ছে। এই প্রসঙ্গে তিনি কড়া সুরে বলেন, “আমাকে জব্দ করতে চাইছে? ওরা জানে না, আহত বাঘ আরও ভয়ংকর।” তাঁর হুঁশিয়ারি, আগামী দিনে তৃণমূল কংগ্রেস বাংলা জিতে দিল্লির ক্ষমতাও দখল করবে।
এদিন বিজেপির নির্বাচনী কৌশলকেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ওদের আছে নির্বাচনের আগে প্রতিশ্রুতির মালা, আর ভোটের পরে বুলডোজারের ঠ্যালা।” এই মন্তব্যের মাধ্যমে তিনি বিজেপির শাসন পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন এবং সাধারণ মানুষের উপর তার প্রভাবের কথা তুলে ধরেন।
কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও রেলের ভাড়া বাড়ানোর প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে।
অন্যদিকে নিজের সরকারের কাজের খতিয়ান তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে ১০৫টি জনকল্যাণমূলক প্রকল্প চালু রয়েছে। তিনি বলেন, “আমি কথা দিলে কথা রাখি,” এই বার্তার মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করেন তিনি।
সব মিলিয়ে, জাবরাভিটার জনসভা থেকে একদিকে যেমন বিজেপি ও কমিশনের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে তেমনই ভবিষ্যৎ লক্ষ্যের কথাও স্পষ্ট করে দিলেন। উত্তরবঙ্গ থেকেই নির্বাচনী লড়াইয়ের সুর আরও চড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।





