দিনহাটা, ৬ জানুয়ারিঃ এসআইআর আতঙ্কে আত্মহত্যা এক গৃহশিক্ষকের, প্রাণ হারালো আরও এক! দিনহাটার ফলিমারিতে এসআইআরের হিয়ারিং চলাকালীন উদ্বেগের মধ্যে এক গৃহশিক্ষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে মৃতের নাম সুভাষ বর্মন (৪৫)। তিনি একজন গৃহশিক্ষক ছিলেন।মৃত ব্যক্তির বাবা শশীকান্ত বর্মনের অভিযোগ, ছেলের স্ত্রীর এসআইআর নথিতে বাবার নামের জায়গায় দাদার নাম থাকায় সংশোধনের চিন্তায় ছেলে কিছুদিন থেকে উদ্বিগ্ন ছিলেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, যদি তার স্ত্রীকে বাংলাদেশে পাঠানো হয় বা ডিটেনশন ক্যাম্পে রাখা হয়, তবে তাদের দুই নাবালক সন্তানের ভবিষ্যৎ কী হবে?এই চিন্তা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ পরিবারের।
বিএলও মৌসুমি পারভিন এব্যাপারে জানান, সুভাষ বর্মনের নিজের নামে কোনো সমস্যা ছিল না।সমস্যা ছিল তার স্ত্রী পরিচয়ের ক্ষেত্রে।২০০২ সালের ভোটার তালিকায়, বাবার নামের জায়গায় দাদার নাম ছিল। তিনি বিষয়টি সমাধানযোগ্য বলে আশ্বস্ত করলেও ওই গৃহশিক্ষক এই বিষয় নিয়ে গভীর মানসিক চাপে ছিলেন।
কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ওই পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। সাংসদ বলেন অত্যন্ত দু:খজনক ঘটনা। নির্বাচন কমিশনের এই অমানবিক প্রক্রিয়ার জেরে সাধারণ অসহায় মানুষের প্রাণ যাচ্ছে।
এলাকাবাসীরা জানান, সুভাষ বর্মন একজন শিক্ষিত যুবক ছিলেন, শুধুমাত্র স্ত্রীর নথিতে সামান্য ভুলের কারণে ডিটেনশন ক্যাম্পের আতঙ্কে মানসিক চাপে আত্মহত্যা করলেন।যদিও এখনো আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।





