খবরিয়া ২৪ ডেস্ক, ২৭ মেঃ তামিলনাড়ুর রাজনীতিতে ফের নাটকীয় মোড়। মাত্র ১৫ দিনের ব্যবধানে অভিনেতা-রাজনীতিক বিজয়-র শিবির ছেড়ে নিজেদের পুরনো দল এআইএডিএমকে-তে ফিরতে শুরু করলেন বিদ্রোহী বিধায়করা। ফলে বড়সড় ভাঙনের আশঙ্কা কাটিয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে জয়ললিতার প্রতিষ্ঠিত দলে।
বিধানসভা নির্বাচনের পর তামিলনাড়ুতে ঝুলন্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। ২৩৪ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে কংগ্রেস, বাম দল, ভিসিকে ও মুসলিম লিগের সমর্থনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজয়।
এরপরই এআইএডিএমকে-র একাংশ বিজয়কে সমর্থন ঘোষণা করে। বিদ্রোহী শিবিরের নেতৃত্বে ছিলেন সি ভি সন্মুগাম ও এস পি ভেলুমানি। প্রায় ২০ থেকে ২৫ জন বিধায়ক আস্থা ভোটে বিজয়ের পাশে দাঁড়িয়েছিলেন।
তবে সূত্রের খবর, বিদ্রোহী বিধায়কদের আশা ছিল সরকারে অংশ নেওয়ার সুযোগ পাবেন তাঁরা। কিন্তু বিজয় স্পষ্ট জানিয়ে দেন, মন্ত্রী হতে হলে আগে বিধায়ক পদ ছাড়তে হবে এবং পুনর্নির্বাচিত হয়ে আসতে হবে। এই শর্তে কয়েকজন পদত্যাগ করলেও অধিকাংশই ঝুঁকি নিতে চাননি।
ফলে বিদ্রোহী বিধায়কদের বড় অংশ ফের এআইএডিএমকে শিবিরে ফিরে গিয়েছেন বলে জানা যাচ্ছে। তাঁরা প্রাক্তন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী-র সঙ্গে বৈঠকও করেছেন। পালানিস্বামীও স্পিকারের কাছে বিদ্রোহীদের সদস্যপদ খারিজের দাবি প্রত্যাহার করে নিয়েছেন। যদিও ঠিক কতজন বিধায়ক দলে ফিরেছেন, তা এখনও স্পষ্ট নয়।





