চাপড়া, ১৮ জানুয়ারিঃ চাপড়ায় আজ তৃণমূল কংগ্রেসের রোড শো চলাকালীন ফের মানবিকতার উদাহরণ রাখলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসমাগমে ভরা কর্মসূচির মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধা। মুহূর্তের মধ্যেই বিষয়টি নজরে আসে অভিষেকের। কোনও রকম বিলম্ব না করে তিনি তৎক্ষণাৎ ওই বৃদ্ধার পাশে পৌঁছে যান এবং নিজে হাতে তাঁকে জল দেন।
ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্য রোড শোতে সামান্য থমক সৃষ্টি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে অসুস্থ বৃদ্ধাকে নিজের গাড়িতে তুলে নেন। গাড়ির ভিতর তাঁকে বসিয়ে বিশ্রামের ব্যবস্থা করা হয়। পাশাপাশি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন অভিষেক নিজেই। প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থাও করা হবে বলে তিনি নির্দেশ দেন।
এই মানবিক মুহূর্তের সাক্ষী থাকেন সেখানে উপস্থিত অসংখ্য কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ। রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততার মধ্যেও একজন অসুস্থ বৃদ্ধার প্রতি এমন সহানুভূতিশীল আচরণ দেখে সকলেই মুগ্ধ হন। অনেকেই মোবাইলে সেই মুহূর্তের ছবি ও ভিডিও বন্দি করেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
স্থানীয় বাসিন্দাদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু রাজনৈতিক নেতা নন, তিনি একজন সংবেদনশীল মানুষ হিসেবেও বারবার নিজেকে প্রমাণ করেছেন। এর আগেও বিভিন্ন কর্মসূচিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নজির রেখেছেন তিনি। চাপড়ার এই ঘটনায় ফের সেই মানবিক মুখই সামনে এল।
রোড শো শেষে জানা যায়, বৃদ্ধার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি এখন সুস্থ আছেন। পরিবারের সদস্যরাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাজনীতির উত্তাপের মধ্যেও মানবিকতার এই ছবি নিঃসন্দেহে জনমানসে গভীর ছাপ ফেলেছে।





