খবরিয়া ২৪ ডেস্ক, ৮ এপ্রিলঃ টানা উত্তেজনার পর অবশেষে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে সাময়িক বিরতি। দু’সপ্তাহের সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে ইরান ও আমেরিকা। ভারতীয় সময় বুধবার ভোরে এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । জানা গিয়েছে, পাকিস্তান-এর মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছায় দুই দেশ।
সমাজমাধ্যমে দেওয়া বার্তায় ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পাক সেনা প্রধান অসীম মুনির-এর প্রস্তাব তিনি গ্রহণ করেছেন। সেই প্রস্তাব অনুযায়ী, আগামী দু’সপ্তাহ আমেরিকা ইরানের বিরুদ্ধে কোনও সামরিক অভিযান চালাবে না। পরিবর্তে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আংশিকভাবে খুলে দিতে রাজি হয়েছে।
ট্রাম্প আরও জানান, ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাব আলোচনার ভিত্তি হিসেবে বিবেচনা করছে ওয়াশিংটন। আগামী দু’সপ্তাহের মধ্যেই স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা চালানো হবে। সূত্রের খবর, ১০ এপ্রিল ইসলামাবাদে বৈঠকে বসতে পারে দুই পক্ষ।
অন্যদিকে, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেন, “যদি আমাদের উপর হামলা বন্ধ থাকে, তবে আমরাও পাল্টা আক্রমণ বন্ধ রাখব।” তিনি জানান, নির্দিষ্ট শর্তসাপেক্ষে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল চালু করা হবে এবং নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।
এই চুক্তিতে ইসরাইল-ও সম্মতি জানিয়েছে বলে খবর। তবে স্থায়ী শান্তি কতটা সম্ভব, তা নিয়ে এখনও সংশয় রয়েছে আন্তর্জাতিক মহলে। তবুও আপাতত এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে স্বস্তির বার্তা হিসেবে দেখছে বিশ্ব।
মধ্যপ্রাচ্যে স্বস্তির হাওয়া, দু’সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত ইরান ও আমেরিকা
---Advertisement---





