দুর্গাপুর, ২২ এপ্রিলঃ প্রথম দফার ভোটের আগেই দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। তৃণমূল ও বিজেপির সংঘর্ষের ঘটনায় তিন বিজেপি কর্মী গ্রেপ্তার হওয়াকে কেন্দ্র করে বুধবার দুর্গাপুর থানার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি।
মঙ্গলবার নির্বাচনী প্রচারের শেষলগ্নে জে সি বোস এলাকায় বিজেপির প্রচার চলাকালীন তৃণমূলের সঙ্গে সংঘর্ষ বাধে বলে অভিযোগ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ ওঠে, দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে এবং একাধিক বাইকে ভাঙচুর চালানো হয়।
এই ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় এবং তদন্তে নামে প্রশাসন। সেই সূত্রেই তিনজনকে গ্রেপ্তার করা হয়, যাঁরা বিজেপি কর্মী বলে জানা গিয়েছে। তবে এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছে ভারতীয় জনতা পার্টি।
বুধবার দুপুরে দুর্গাপুর থানার সামনে বিক্ষোভে সামিল হন বিজেপির প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও দলীয় কর্মীরা। তাঁদের অভিযোগ, সংঘর্ষে উভয় পক্ষ জড়িত থাকলেও শুধুমাত্র বিজেপি কর্মীদেরই গ্রেপ্তার করা হয়েছে।
চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের দাবি, “আমাদের মিছিলে তৃণমূল হামলা চালায়। আমরা আত্মরক্ষার্থে প্রতিরোধ করি। অথচ গ্রেপ্তার করা হল আমাদের কর্মীদেরই। এর জবাব চাই।”
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস-এর প্রার্থী প্রদীপ মজুদার পালটা বলেন, “বিজেপির অত্যাচারের বিরুদ্ধে বাংলার মানুষ জবাব দেবে। পুলিশ আইন অনুযায়ীই ব্যবস্থা নিচ্ছে।”
সব মিলিয়ে, ভোটের মুখে এই ঘটনা দুর্গাপুর পূর্বে রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করে তুলেছে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন।





