জলপাইগুড়ি, ১৬ এপ্রিল : বাংলা নববর্ষ, পহেলা বৈশাখের শুভ দিনে সকাল থেকেই ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়লেন ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়। দিনটির সূচনা তিনি করেন মায়ের স্থানে পুজো দিয়ে। এরপরই শুরু হয় তার নির্বাচনী প্রচার।
এদিন সকালে স্থানীয় বাজারে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরে ধূপগুড়ি রেল স্টেশন মোড় চত্বর থেকে বারোঘুরিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বারোঘুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
মিছিল চলাকালীন বিভিন্ন বুথে বুথে জনসভারও আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন প্রার্থী নির্মল চন্দ্র রায়। পাশাপাশি উপস্থিত ছিলেন বারোঘুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।
বাইক মিছিলটি শেষ হয় ভেমটিয়া এলাকায়। এদিনের এই কর্মসূচিতে কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো, যা তৃণমূল শিবিরে বাড়তি উৎসাহ জুগিয়েছে।দলীয় সূত্রের দাবি, নববর্ষের এই প্রচার কর্মসূচি ভোটের আগে ইতিবাচক প্রভাব ফেলবে। সাধারণ মানুষের মধ্যে ভালো সাড়া ফেলেছে।





