মালদা, ১১ এপ্রিলঃ মণিপুরে ডিউটিরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদার বাসিন্দা বিএসএফ জওয়ান মিঠুন মণ্ডল (৩৪)। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মোথাবাড়ির উত্তর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের ভাগজান টোলা এলাকায়।
পরিবার ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিএসএফ-এর ১৭০ ব্যাটালিয়নের জওয়ান মিঠুন মণ্ডল মণিপুরের উখরুল জেলার মংকোট চেপু এলাকায় টহল দিচ্ছিলেন। সেই সময় আচমকাই অজানা দিক থেকে গুলি চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। কর্তব্যরত অবস্থায় তাঁর এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএসএফ কর্তৃপক্ষ।
শুক্রবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ প্রথমে ফোনে পরিবারের কাছে জানানো হয়, মিঠুন গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এরপর প্রায় ১৫ মিনিট পর আবার ফোন করে তাঁর শহিদ হওয়ার খবর দেওয়া হয়। এই খবর পৌঁছাতেই মুহূর্তে ভেঙে পড়ে গোটা পরিবার।
মিঠুন মণ্ডলের বাবা মন্টু মণ্ডল একজন কৃষক। সংসারের প্রধান ভরসা ছিলেন বড় ছেলে মিঠুনই। প্রায় ৮ বছর ১১ মাস আগে তিনি বিএসএফ-এ যোগ দেন এবং দীর্ঘদিন ধরে দেশের সেবায় নিয়োজিত ছিলেন। প্রায় ৬ বছর আগে তাঁর বিয়ে হয় সুলেখা মণ্ডলের সঙ্গে। তাঁদের একটি ৫ বছরের ছেলে এবং ৩ বছরের মেয়ে রয়েছে।
স্বামীর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন স্ত্রী সুলেখা। ছোট দুই সন্তানকে নিয়ে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন তিনি। পরিবারে রয়েছেন বৃদ্ধা মা-ও, যিনি ছেলের মৃত্যুসংবাদে শোকাহত।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা শহিদ জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।





