মালদা, ৮ এপ্রিলঃ এসআইআর বিরোধী আন্দোলন ঘিরে মালদার মোথাবাড়ি সহ মোট ১২টি মামলার তদন্তভার নিল (এনআইএ)। বুধবার ধৃত ৪১ জন অভিযুক্তকে এনআইএ-র হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এদিন কড়া নিরাপত্তার মধ্যে তাঁদের আনা হয় মালদা জেলা আদালত-এ।
জানা গিয়েছে, যাঁদের আদালতে তোলা হয় তাঁদের মধ্যে অন্যতম অভিযুক্ত মোফাক্কারুল ইসলাম রয়েছেন। এছাড়াও মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের আইএসএফ মনোনীত প্রার্থী শাহজাহান আলী কাদরী ও এই মামলায় অভিযুক্ত হিসেবে ধৃতদের তালিকায় রয়েছেন। আদালত চত্বরে এদিন ছিল কড়া পুলিশি নজরদারি।
সূত্রের খবর, এনআইএ যে ১২টি মামলার তদন্তভার নিয়েছে তার মধ্যে ৮টি মামলা দায়ের হয়েছিল মোথাবাড়ি থানা-এ। বাকি ৪টি মামলা রুজু হয়েছে কালিয়াচক পুলিশ স্টেশন-এ। এই সমস্ত মামলাই এসআইআর বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হয়েছিল বলে জানা গিয়েছে।
অভিযুক্তদের এদিন আদালতে তোলার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও কোনও মন্তব্য করতে চাননি মোফাক্কেরুল ইসলাম। তবে তাঁর আইনজীবীরা জানিয়েছেন, আদালতে তাঁরা তাঁদের মক্কেলের পক্ষে সওয়াল করবেন।
এই ঘটনায় মালদা জেলায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এনআইএ তদন্তভার নেওয়ায় মামলার গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখন তদন্তের অগ্রগতি এবং আদালতের নির্দেশের দিকেই তাকিয়ে রয়েছে সকলের নজর।





