কোচবিহার, ২৩ মার্চ : প্রিয় শিক্ষকদের বদলি মানতে নারাজ পড়ুয়ারা।এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কোচবিহার সদর গভমেন্ট হাই স্কুলে।জানা গেছে, স্কুলের দুই শিক্ষক গৌতম মজুমদার ও সুখেন দাসের বদলির নোটিশ সম্প্রতি জারি হয়েছে।তবে সেই সিদ্ধান্ত মেনে নিতে রাজি নয় স্কুলের ছাত্রছাত্রীরা।
পড়ুয়াদের দাবি, স্কুলে ইতিমধ্যেই শিক্ষকের সংখ্যা পর্যাপ্ত নয়। তার ওপর এই দুই অভিজ্ঞ শিক্ষককে সরিয়ে দিলে পড়াশোনার মান আরও ক্ষতিগ্রস্ত হবে।ছাত্রছাত্রীদের একাংশ জানিয়েছে, গৌতম মজুমদার ও সুখেন দাসের পড়ানোর ধরণ তাদের কাছে অত্যন্ত সহজবোধ্য ও আকর্ষণীয়। ফলে তাঁদের বদলি হলে পড়াশোনায় বড় প্রভাব পড়বে বলে আশঙ্কা করছে তারা।এই পরিস্থিতিতে ক্ষুব্ধ পড়ুয়ারা একত্রিত হয়ে জেলাশাসকের দপ্তরে পৌঁছায়।
তারা জেলাশাসকের সঙ্গে সরাসরি কথা বলে বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানাতে চায়। পড়ুয়াদের বক্তব্য, শিক্ষকদের বদলির সিদ্ধান্ত স্থগিত রাখা হোক এবং স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা হোক।অভিভাবকরাও এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন।তাঁদের মতে, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।এখন দেখার বিষয়, পড়ুয়াদের এই আবেদনে প্রশাসন কী সিদ্ধান্ত নেয়।





