কোচবিহার, ২০ মার্চ : কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি। তবে নির্বাচনী লড়াইয়ে প্রচারের গতি বাড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।যেখানে এখনো পর্যন্ত বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি, সেখানে তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন।
শুক্রবার সকাল বেলা প্রাতঃভ্রমণের মধ্য দিয়ে তিনি জনসংযোগ কর্মসূচি করেন।এই কর্মসূচির অংশ হিসেবে তিনি খতিয়ার ৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন।এলাকার বাসিন্দাদের সমস্যার কথা মন দিয়ে শোনেন এবং তাদের অভাব-অভিযোগ সম্পর্কে খোঁজ নেন।
অভিজিৎ দে ভৌমিক আশ্বাস দেন, আগামী দিনে যদি তাকে সুযোগ দেওয়া হয়, তবে এই সমস্ত সমস্যার দ্রুত সমাধান করা হবে। তিনি বলেন, মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধান করাই তার মূল লক্ষ্য। বিজেপির প্রার্থী ঘোষণার আগেই তৃণমূলের এই সক্রিয় প্রচার রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।





