মালদা, ১২ মার্চঃ কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভা ঘিরে বড়সড় প্রস্তুতি নিয়েছে বিজেপি। উত্তরবঙ্গ থেকে বিপুল সংখ্যক মানুষকে সভায় নিয়ে যেতে বিশেষ ট্রেন ভাড়া করেছে দল। দলীয় সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রের জন্য এক জোড়া করে মোট ১৬টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে মালদা থেকেও দুই জোড়া ট্রেন রাখা হয়েছে।
দলীয় নেতৃত্বের দাবি, ব্রিগেডের সভায় উত্তরবঙ্গ থেকে প্রায় এক লক্ষ মানুষের সমাগম ঘটানোই তাদের লক্ষ্য। সেই কারণেই কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, ১৩ মার্চ নির্দিষ্ট সময়ে ট্রেনগুলি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে এবং ১৪ মার্চ সভা শেষে সেদিনই আবার ফিরবে। যাতায়াতের জন্য কোনও ভাড়া লাগবে না বলেও জানানো হয়েছে। পাশাপাশি প্রতিটি ট্রেনে খাবারের ব্যবস্থাও থাকবে বলে দাবি বিজেপি নেতৃত্বের।
তবে বিজেপির এই উদ্যোগকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও বিধায়ক আবদুর রহিম বক্সী কটাক্ষ করে বলেন, কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা বন্ধ রেখেছে এবং বিভিন্ন প্রকল্পে বাংলাকে বঞ্চিত করছে। অথচ সভা ভরাতে বিশেষ ট্রেন ভাড়া করা হচ্ছে।
অন্যদিকে দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী বলেন, একটি ট্রেন ভাড়ার খরচই কয়েক লক্ষ টাকা। এত টাকা কোথা থেকে আসছে, তা নির্বাচন কমিশনের খতিয়ে দেখা উচিত।
সিপিএমের মালদা জেলা সম্পাদক কৌশিক মিশ্র-ও বিজেপিকে কটাক্ষ করে বলেন, বড় শিল্পপতিদের অর্থেই দলটি চলছে।
যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, কর্মী-সমর্থকদের সুবিধার কথা ভেবেই এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। দলের লক্ষ্য উত্তরবঙ্গ থেকে বিপুল সংখ্যক মানুষকে ব্রিগেডের সভায় নিয়ে যাওয়া।





