কলকাতা, ৫ মার্চঃ আসন্ন নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে জাতীয় নির্বাচন কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধি দল শীঘ্রই রাজ্যে আসছে। ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে এই প্রতিনিধি দল রবিবার কলকাতায় পৌঁছবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এরপর সোমবার রাজ্যে আসার কথা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। তারা রাজ্যের নির্বাচন প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে একাধিক বৈঠক করবেন।
জানা গেছে, কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক(সিইও)দপ্তর, পুলিশ এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করা হবে। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতি যেমন নিরাপত্তা ব্যবস্থা, ভোট কর্মীদের প্রশিক্ষণ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়গুলিও খতিয়ে দেখা হবে।
এদিকে, রাজ্যে প্রায় ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, বুধবার পর্যন্ত প্রায় সাড়ে চার লক্ষ বিচারাধীন ভোটারের বিষয়টি বিচারকরা নিষ্পত্তি করেছেন। তবে এখনও বিপুল সংখ্যক ভোটারের বিষয়টি বিচারাধীন অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে একজনেরও ভোটাধিকার না কেড়ে নির্ধারিত সময়ে নির্বাচন করানো সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
এই প্রসঙ্গে আগামী ১০ মার্চ সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা রয়েছে। সেই শুনানিতে বিচারাধীন ভোটারদের প্রসঙ্গটি গুরুত্বের সঙ্গে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট প্রস্তুতি পর্যালোচনা বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে। সিইও দপ্তরের উদ্যোগে ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে দু’দফায় বৈঠক হবে। প্রথমে রাজ্য ও কেন্দ্রের ২৪টি তদন্তকারী সংস্থার সঙ্গে আলোচনা করা হবে। সেখানে রাজ্য পুলিশের ডিজি, পুলিশ কমিশনারসহ বিভিন্ন তদন্তকারী সংস্থার শীর্ষ কর্তারা উপস্থিত থাকতে পারেন।
দুপুর ২টো থেকে দ্বিতীয় দফার বৈঠকে জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। কমিশনের প্রতিনিধিরা রাজ্য সফর শেষ করার পর আগামী ১৫ বা ১৬ মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।


