শিলিগুড়ি, ৫ মার্চঃ ঘোষপুকুর-খড়িবাড়ি রাজ্য সড়কের থানঝোড়া মোড়ে হাইট বার ভেঙে পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি চারচাকা গাড়ি। ঘটনাকে ঘিরে কিছুক্ষণের মধ্যেই এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে একটি চারচাকা গাড়ি বিয়ের ভাড়া খেটে বাড়ি ফিরছিল। সেই সময় ঘোষপুকুরগামী একটি কন্টেনার গাড়ি থানঝোড়া মোড়ে প্রশাসনের বসানো হাইট বারে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে হাইট বারের লোহার কাঠামোটি ভেঙে পড়ে ঠিক পাশ দিয়ে যাওয়া চারচাকা গাড়ির উপর।
হঠাৎ এই ঘটনায় চারচাকা গাড়ির চালক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে পড়েন। তবে সৌভাগ্যবশত তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয়রা।
ঘটনার পর এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, ভারী মালবাহী গাড়ির প্রবেশ রুখতে প্রশাসনের তরফে ওই এলাকায় হাইট বার বসানো হয়েছিল। নিয়ম অনুযায়ী ১৫ টনের বেশি মালবাহী গাড়ি ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে না। কিন্তু রাতের দিকে সেই নিয়ম মানা হচ্ছে না বলেই অভিযোগ।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, পুলিশের যোগসাজশেই অতিরিক্ত বোঝাই ট্রাক ও কন্টেনার গাড়ি ওই রাস্তা দিয়ে যাতায়াত করছে। যার জেরে বারবার দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় জড়িত কন্টেনার গাড়িটিকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





