সিতাই,৫ মার্চঃ কোচবিহার জেলার সিতাই থানা এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ধৃতকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম করুনা বর্মন। তার কাছ থেকে একটি ওয়ান শুটার আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে সিতাই থানার একটি দল বুধবার রাতে চামটা মহেশের পাঠ কালীমন্দির মোড় এলাকায় তল্লাশি অভিযান চালায়। ওই সময় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এক যুবককে। তার আচরণে সন্দেহ হওয়ায় পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
পরবর্তীতে তার দেহ তল্লাশি চালালে একটি বেআইনি ওয়ান শুটার আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। আগ্নেয়াস্ত্র উদ্ধারের পরই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, যুবকটি কোনো অসৎ উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রটি সঙ্গে নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধৃত যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রায় দশটা নাগাদ সিতাই থানার পক্ষ থেকে এই গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
ধৃতকে এদিন আদালতে তোলা হবে বলে জানা গেছে। পাশাপাশি আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। ঘটনার পর এলাকায় পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র ও অপরাধমূলক কার্যকলাপ রুখতে নিয়মিতভাবে অভিযান চালানো হচ্ছে। এই ধরনের অভিযানের মাধ্যমে ভবিষ্যতেও অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।





