নদিয়া, ৪ মার্চঃ জলপাইগুড়ির ঘটনার পর এবার নদিয়ার শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল। ইতিমধ্যেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযোগের তির জেলা বিজেপির এক সহ-সভাপতির বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরের বাসিন্দা ওই বধূকে চাঁদা সংক্রান্ত একটি বিষয় নিয়ে স্থানীয় বিজেপি পার্টি অফিসে ডাকা হয়। অভিযোগ, সেখানে পৌঁছনোর পর তাঁকে পিছন থেকে জাপটে ধরা হয় এবং পার্টি অফিসের মধ্যেই তাঁকে ধর্ষণ করা হয়। কোনওক্রমে সেখান থেকে বেরিয়ে এসে থানায় অভিযোগ জানান তিনি। নির্যাতিতার অভিযোগ, ঘটনায় দু’জন জড়িত, তাঁদের মধ্যে একজন জেলা বিজেপির সহ-সভাপতি।
শান্তিপুর থানা-এ দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে লেখেন, “নদিয়ার শান্তিপুরে এক মহিলাকে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মারধর ও ধর্ষণের অভিযোগ উঠেছে জেলা বিজেপির এক সহ-সভাপতির বিরুদ্ধে। এখনই কি বিজেপির পার্টি অফিসগুলো উত্তরপ্রদেশ মডেল অনুসরণ করছে?”
যদিও বিজেপির তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না।





