খবরিয়া ২৪ ডেস্ক, ২৮ ফেব্রুয়ারিঃ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়-এর ব্যক্তিগত গোপনীয়তা ও সামাজিক সম্মান রক্ষায় তাৎপর্যপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও-এর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনওরকম মানহানিকর বা অবমাননাকর মন্তব্য করা যাবে না। পাশাপাশি অকারণে তাঁর নাম জড়িয়ে সংবাদমাধ্যমে প্রচার বা চর্চার ক্ষেত্রেও সতর্কতা জারি করেছে আদালত।
অভিযোগ, রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় বিভিন্ন মহল থেকে তাঁর নাম বারবার টেনে এনে প্রচার করা হচ্ছিল, যা তাঁর ব্যক্তিগত জীবন ও সামাজিক মর্যাদায় নেতিবাচক প্রভাব ফেলছে। এই প্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হন রুজিরা। তাঁর আইনজীবীর দাবি, রাজনৈতিক স্বার্থে একজন সাধারণ নাগরিকের সম্মানহানি করা হচ্ছে।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি কৃষ্ণা রাও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন। আদালত জানায়, ভিত্তিহীন বা অসম্মানজনক মন্তব্যের মাধ্যমে চরিত্রহনন বরদাস্ত করা হবে না। এই নির্দেশ আগামী ২৪ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। ওই দিন মামলার বিস্তারিত শুনানি হওয়ার কথা।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রুজিরাকে তলব করেছিল এবং তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরাও দিতে দেখা যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী শিবিরের তরফে নানা মন্তব্য ওঠে।
আইন বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিগত গোপনীয়তার অধিকার সুরক্ষায় আদালতের এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপাতত আদালতের রায়ে স্বস্তি পেয়েছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়।





