খবরিয়া ২৪ ডেস্ক, ২০ ফেব্রুয়ারিঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বঙ্গ রাজনীতিতে প্রার্থী তালিকা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-এর স্ত্রী রিঙ্কু মজুমদার কি এবার ভোটের ময়দানে নামছেন? রাজনৈতিক মহলে এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নই।
সম্প্রতি এই জল্পনা নিয়ে সরাসরি মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, তাঁকে বা রিঙ্কুকে কোথায় টিকিট দেওয়া হবে, তা নিয়ে এখনও দলের মধ্যে কোনও চূড়ান্ত আলোচনা হয়নি। এমনকি রিঙ্কুর বায়োডাটা নিয়েও আলাদা করে কোনও বৈঠক হয়নি বলে দাবি তাঁর। দিলীপের কথায়, সম্ভাব্য প্রার্থীদের দীর্ঘ তালিকায় প্রায় সাড়ে তিন হাজার নাম রয়েছে, তার মধ্যেই রিঙ্কুর নামও আছে। তবে বিষয়টি এখনও প্রাথমিক স্তরেই রয়েছে।
দিলীপ ঘোষ বলেন, “আমি বলেছি, তোমার যদি রাজনীতি করতে ইচ্ছা হয়, করবে। বাড়িতে মা আছেন, লোকজন আছেন, সংসার দেখবেন। আমাদের আবার আলাদা সংসার কী? প্রয়োজনে আলাদা হয়ে লড়াই করব। পার্টির লোকজন জেতাবে।” তাঁর এই মন্তব্য ঘিরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে তাহলে কি সত্যিই রিঙ্কু মজুমদার নির্বাচনী রাজনীতিতে সক্রিয়ভাবে নামতে চলেছেন?
এ প্রসঙ্গে রিঙ্কু নিজেও আশাবাদী সুরে বলেন, দলে আগে থেকে কিছু নিশ্চিত করে বলা যায় না। তিনি জানান, “এটি একটি জাতীয় ও বিশ্ববিখ্যাত পার্টি। নিজের নাম তালিকায় না দেখা পর্যন্ত কিছুই নিশ্চিত করে বলতে পারছি না। তবে আশাবাদী অবশ্যই।” দিলীপ ঘোষের ‘আলাদা হয়ে লড়াই’ মন্তব্য প্রসঙ্গে রিঙ্কুর ব্যাখ্যা, রাজনৈতিকভাবে আলাদা আসন থেকে লড়াই করা হতে পারে, কিন্তু ভাবধারায় কোনও বিভাজন নেই। “আমরা একই আদর্শের মানুষ। কিছু সময়ের জন্য আলাদা হয়ে লড়াই করলেও পরে আবার এক হয়ে যাব,” বলেছেন তিনি।
এখানেই থেমে থাকেননি রিঙ্কু। তিনি প্রকাশ্যে জানান, বহুদিন ধরেই তাঁর ক্যাবিনেট মন্ত্রী হওয়ার ইচ্ছা রয়েছে। “আমি ক্যাবিনেট মন্ত্রী হতে চাই। অনেকেই পারেন, আমি কেন পারব না?” প্রশ্ন তুলেছেন তিনি। একইসঙ্গে স্পষ্ট করেছেন, শুধুমাত্র মন্ত্রী হওয়ার উদ্দেশ্যে তিনি বিয়ে করেননি।
সব মিলিয়ে, ২০২৬ সালের নির্বাচনে রিঙ্কু মজুমদার প্রার্থী হবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। সম্ভাবনার দরজা খোলা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এখন নজর রাজনৈতিক মহলের।





