খবরিয়া ২৪ ডেস্ক, ৪ ফেব্রুয়ারিঃ বাংলায় চলা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে সুপ্রিম কোর্টে বড় সাফল্য পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দেশের শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে নোটিস জারি করেছে। একই সঙ্গে কমিশনের আধিকারিকদের আরও সহানুভূতিশীল ও সংবেদনশীল আচরণের নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে।
এদিন মামলার শুনানিতে ‘পার্টি ইন পার্সন’ হিসেবে স্বয়ং উপস্থিত হয়ে বাংলার মানুষের হয়রানির একের পর এক অভিযোগ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে অকারণে শুনানিতে ডেকে পাঠানো, সামান্য বানান ভুলে ভোটারদের হয়রানি, আধার কার্ড গ্রহণ না করা এই সব বিষয় আদালতের সামনে স্পষ্টভাবে তুলে ধরেন তিনি। বিচারপতিরা মনোযোগ দিয়ে তাঁর বক্তব্য শোনেন এবং কোনও বাধা দেননি।
শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলে। বিশেষ করে এসআইআর শুনানিতে মাইক্রো অবজার্ভার নিয়োগের প্রয়োজনীয়তা নিয়ে সংশয় প্রকাশ করে বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, রাজ্য সরকার সহযোগিতা করলে অতিরিক্ত মাইক্রো অবজার্ভারের দরকার পড়ে না।
শীর্ষ আদালতের আরও নির্দেশ, ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল প্রক্রিয়ায় কমিশনের আধিকারিকদের মানবিক দৃষ্টিভঙ্গি রাখা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষ যাতে অহেতুক ভোগান্তির শিকার না হন, সে বিষয়েও কমিশনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এই নির্দেশকে রাজ্য সরকারের তরফে বড় জয় বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, সুপ্রিম কোর্টের নোটিস ও পর্যবেক্ষণের ফলে বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান নতুন করে খতিয়ে দেখতে হবে। আগামী দিনে মামলার পরবর্তী শুনানিতে এই বিষয়গুলি আরও গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





