কোচবিহার, ২৭ নভেম্বরঃ কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা ঘুরে দেখলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার তথা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বোস। এদিন তিনি রাসমেলা ময়দান পরিদর্শনের পাশাপাশি মেলায় আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন। একই সঙ্গে পৌরসভা, পুলিশ ও দমকল বিভাগের ক্যাম্প পরিদর্শন করেন তিনি।
পুলিশ ক্যাম্প পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়াও মেলার বিভিন্ন স্টলে গিয়ে দোকানদারদের সঙ্গে কথা বলেন বিধানসভার স্পিকার।
এদিন রাসমেলা ঘুরতে আসা আট থেকে আশি—সকলের কাছেই স্পিকারকে এত কাছ থেকে পাওয়া ছিল এক বিশেষ মুহূর্ত। অনেকেই তাঁর সঙ্গে ছবি তোলার আবদার জানান। সাধারণ মানুষের সেই আবদারে সাড়া দিয়ে সকলের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন রথীন্দ্র বোস।
তবে শুধু ছবি তোলাই নয়, ছবি তোলার পাশাপাশি সকলকে একটি বিশেষ বার্তাও দেন তিনি। প্রত্যেককে মায়ের নামে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান স্পিকার। তাঁর এই বার্তা মেনে চলবেন বলে জানান মেলা ঘুরতে আসা সকলেই ।





