শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ শহরের যানজট কমাতে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ। আর সেই অভিযান ঘিরেই পুলিশের সঙ্গে বচসা ও বিক্ষোভে জড়ালেন পেঁয়াজ ব্যবসায়ীরা। রাস্তার ধারে দীর্ঘদিন ধরে ব্যবসা চালানো দোকান সরিয়ে দেওয়ার পাশাপাশি ওজন মাপার যন্ত্র এবং ব্যবসার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করল পুলিশ। নতুন সরকারের আমলে তাঁদের ব্যবসা কার্যত বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।
সোমবার শিলিগুড়ি শহরের বাগরাকোর্ট মোড় থেকে কোর্ট মোড় পর্যন্ত অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পাণিট্যাঙ্কি ট্রাফিক গার্ড। ওসি স্বপন রায়ের নেতৃত্বে এই অভিযান চলে। শহরের যান চলাচল স্বাভাবিক রাখা এবং ফুটপাত ও রাস্তার দখলদারি সরিয়ে পথচারীদের চলাচলের জায়গা ফিরিয়ে দেওয়াই ছিল পুলিশের মূল লক্ষ্য।
অভিযানের আওতায় আসে পুরনো সবজি বাজার সংলগ্ন এলাকা। রাস্তার ধারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা পেঁয়াজ ব্যবসায়ীদের দোকান সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, রাস্তার উপর রাখা ওজন মাপার যন্ত্র এবং অন্যান্য ব্যবসায়িক সরঞ্জামও বাজেয়াপ্ত করে পুলিশ। রাস্তার উপর অতিরিক্ত জায়গা দখল করে তৈরি করা দোকানের শেডগুলি ভেঙে রাস্তা ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়।
পুলিশের এই পদক্ষেপ ঘিরেই ক্ষোভ ছড়ায় ব্যবসায়ীদের মধ্যে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা করছেন তাঁরা। অথচ কোনও আগাম নোটিস না দিয়েই আচমকা এ ভাবে দোকান সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে আচমকাই জীবিকা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন তাঁরা।
ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, নতুন সরকারের আমলে তাঁদের ব্যবসা কার্যত শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। এই অভিযোগ তুলে অভিযান চলাকালীন বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশের সঙ্গে কথা কাটাকাটিও হয় বলে জানা গিয়েছে।
এক দিকে শহরের যানজট ও ফুটপাত দখলমুক্ত করার প্রশাসনিক উদ্যোগ, অন্য দিকে দীর্ঘদিনের ব্যবসা হারানোর আশঙ্কা এই দুইয়ের টানাপড়েনে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির পুরনো সবজি বাজার সংলগ্ন এলাকা। ব্যবসায়ীদের পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থা নিয়ে প্রশাসনের তরফে কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর।





