শীতলকুচি, ২৩ নভেম্বরঃ মাঠের ফসল ঘরে তোলার ব্যস্ততা। চারদিকে ধান ঝাড়াইয়ের কাজ চলছে। থ্রেসার মেশিনের এক দিক দিয়ে বেরিয়ে আসছে ঝাড়াই করা ধান, অন্য দিক দিয়ে জমা হচ্ছে পশুখাদ্য হিসেবে ব্যবহৃত খড়। এমনই এক কর্মব্যস্ত মুহূর্তে আচমকাই বিপত্তি। থ্রেসার মেশিন থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ল খড়ের স্তূপে। চোখের সামনে পরিশ্রমের ফসলের সঙ্গে পুড়ে ছাই হল বহু খড়। ঘটনায় কার্যত মাথায় হাত কৃষক এলাহী মিয়ার।
ঘটনাটি শীতলকুচির বামনপাড়া এলাকার। জানা গিয়েছে, এ দিন সেখানে থ্রেসার মেশিনের সাহায্যে ধান ঝাড়াইয়ের কাজ চলছিল। সেই সময় আচমকাই মেশিন থেকে আগুন বেরোতে দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে মেশিন থেকে বেরিয়ে আসা খড়ে। শুকনো খড় হওয়ায় মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে যায়। পরিস্থিতি বুঝতে পেরে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন।
হাতের কাছে থাকা বালতি ও বিভিন্ন পাত্রে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, স্থানীয়দের পক্ষে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত খবর দেওয়া হয় শীতলকুচি দমকল কেন্দ্রে। দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বেশ কিছুটা খড় পুড়ে ছাই হয়ে গিয়েছে।
ধান ঝাড়াইয়ের পর খড় কৃষকদের কাছে অত্যন্ত মূল্যবান। শুধু জমির ফসল নয়, গৃহপালিত পশুর খাবার হিসেবেও এই খড়ের উপর নির্ভর করেন বহু পরিবার। বিশেষ করে গ্রামীণ এলাকায় সারা বছরের পশুখাদ্যের জোগান নিশ্চিত করতে খড় মজুত করে রাখেন কৃষকেরা। ফলে এমন অগ্নিকাণ্ডে আর্থিক ক্ষতির পাশাপাশি তৈরি হয়েছে পশুখাদ্য নিয়েও দুশ্চিন্তা।
পরিশ্রম করে ফলানো ফসল ঘরে তোলার সময় এমন বিপর্যয়ের মুখে পড়বেন, তা ভাবতেও পারেননি এলাহী মিয়া। ধান ঝাড়াইয়ের আনন্দ মুহূর্তে পরিণত হল হতাশায়। কী ভাবে এই আগুন লাগল, তা নিয়ে এলাকায় চর্চা শুরু হয়েছে। থ্রেসার মেশিন থেকে আগুন ছড়ানোর ঘটনায় কৃষকদের মধ্যে স্বাভাবিক ভাবেই বাড়ছে উদ্বেগ।





